‘গাড়ি এ্যাকসিডেন্ট করলে যে জরিমানা করা হয় তা যথার্থ নয়, আমরা এটা আরো বেশি করতে চাচ্ছি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে জরিমানার পরিমান কত বাড়ছে বা কবে বাড়ানো হচ্ছে সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি মন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমীর সামনে থেকে জাতীয় নিরাপদ সড়ক দিবসের র্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অবৈধ পার্কিংয়ের জন্য মাত্র ২০০ থেকে ৩০০ টাকা জরিমানা করা হয়। আমার মনে হয় অন্যান্য দেশের তুলনায় জরিমানার এই পরিমাণ খুবই কম। অবৈধ পার্কিংয়ের ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করতে জরিমানার টাকা আরও বাড়ানো উচিত।’
মন্ত্রী বলেন, ‘সীমাবদ্ধতার মধ্যেও সড়ক দুর্ঘটনারোধে নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে। সড়কের নিরাপত্তার জন্য আমরা হাইওয়ে পুলিশ তৈরি করেছি। রাস্তায় জনগণের নিরাপত্তার জন্য প্রয়োজনে আমরা আরো বাহিনী তৈরি করবো।’
জনগণকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা অবৈধ পার্কিং করবো না, যত্রতত্র গাড়ির গতি বাড়াবো না। আমরা সব সময় ট্রাফিক আইন মেনে চলবো।’
মন্ত্রী আরও বলেন, সড়ক-মহাসড়কে দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে সে অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে। দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনতে বেশি গতিতে এবং যান্ত্রিক ত্রুটিযুক্ত গাড়ি না চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি।
নিরাপদ সড়ক চাই'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘২২ বছর ধরে নিরাপদ সড়কের কর্মকাণ্ড সফল করতে আমাকে টেনশনে থাকতে হতো। আজ কেন্দ্রীয় কমিটির এ সুশৃঙ্খল আয়োজন দেখে আমি আনন্দিত। আমরা যদি এভাবে সুশৃঙ্খল ও একতাবদ্ধ থাকতে পারি তাহলে অল্পদিনের মধ্যেই আমরা সড়ককে নিরাপদ করতে পারবো।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাঞ্চন বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে যেখানে ৫০০ অ্যাকসিডেন্ট ঘটলে ৩০০ জন লোক মারা যায়। সেখানে আমাদের দেশে মারা যায় ৫ হাজার মানুষ। এর কারণ ম্যানেজমেন্টের বড় অভাব।’
তিনি বলেন, ‘নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে একটা সময় হতাশ হয়ে গিয়েছিলাম, এখন আর হতাশ নই। সকল ভাঙাচুরা রাস্তাগুলোই আগের চেয়ে অনেক বেশি কাজ হচ্ছে। নিরাপদ সড়ক বিষয়ে ই-বুকে লেখা আসছে, পাঠ্যপুস্তকেও এ নিয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে।’
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, নিসচার কেন্দ্রীয় কমিটির মহাসচিব শামীম আলম দীপেন, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সাদেক হোসেন প্রমুখ।
এমএ





