কুমিল্লার চান্দিনা উপজেলায় বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে জনসংযোগকালে দলের প্রচার সম্পাদক জয়নাল আবেদিন ফারুকের জনসংযোগে হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় জাকির হোসেন নামের এক সাংবাদিককে পিটিয়ে তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে চান্দিনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তুলাতুলি এলাকায় এ হামালার ঘটনা ঘটে।
জয়নাল আবদিন ফারুক সাংবাদিকদের জানান, দুপুরে দলীয় মেয়র প্রার্থী শাহ মো. আলমগীর খানের পক্ষে নেতাকর্মীদের নিয়ে তুলাতুলি এলাকায় জনসংযোগ চালাচ্ছিলেন। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল মুন্সি ও পৌর ছাত্রলীগ সভাপতি মোজাম্মেলের নেতৃত্বে ৮/১০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা এসে তার ওপর হামলা চালানোর চেষ্টা করে। এ অবস্থায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঠেকাতে গেলে তাদের মারধর করা হয়।
এসময় ছবি তুলতে গেলে হামলাকারীরা স্থানীয় মুক্তির লড়াই নামের এক পত্রিকার সাংবাদিক জাকির হোসেনের ক্যামেরা ছিনিয়ে নিয়ে মারধর করেন।
চান্দিনা থানার ওসি রসুল আহামদ নিজামী জানান, তুলাতুলিতে জয়নাল আবেদিন ফারুক প্রচারণা চালাতে গেলে কিছু লোক তাকে বাধা দেয়। এসময় বাক-বিতণ্ডার সময় ছবি তুলতে গেলে এক সাংবাদিকের কাামেরা নিয়ে যাওয়া হয় বলে শুনেছি। পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় নির্বাচনের প্রচারণার সময় পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
এমএ





