প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া হত্যার বিচার করতে হলে আমাকে রিমান্ডে নয়, মা (খালেদা জিয়া) ও ছেলেকে (তারেক রহমান) আগে রিমান্ডে নিতে হবে।
আজ (শনিবার) বিকেলে গণভবনে এক সংবাদ সম্মলনে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। সাম্প্রতিক প্রধানমন্ত্রীর চারদিনের চীন সফর বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, খন্দকার মোশতাক আওয়ামী লীগের সাথে ছিল, কিন্তু সে ছিল একজন খুনী, মোনাফেক ও বেঈমান। আর এই মোশতাকই জিয়াউর রহমানকে প্রধান সেনাপতি করেছিল। বঙ্গবন্ধুর এই আত্ম-স্বীকৃত খুনির সাথে জিয়ার কি এমন সম্পর্ক ছিল?
‘আর জিয়া হত্যার ব্যাপারে আমাকে দোষী করেন? আমি খালেদা জিয়াকে প্রশ্ন করতে চাই উনি কেন স্বামীর লাশ দেখতে চাননি। তার বড় ছেলে সে তো তখন খুব একটা ছোট ছিলেন না, সে কেন বাপের লাশ দেখেননি। কী রহস্য ছিল লাশ দেখতে না চাওয়ার পেছনে?’
জিয়া হত্যার বিষয়ে চট্টগ্রামের আদালতে বিচারাধীন মামলা কেন চালানো হয়নি-এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর সেই মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। এর তথ্য এখনও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, খালেদা জিয়া তিনবার ক্ষমতায় ছিলেন, কেন তার স্বামী হত্যার বিচার করলো না। তারেক জিয়া হাওয়া ভবন করলো, টাকা জমালো, বাপের হত্যার বিচার কেন করেননি?
১৯৮১ সালের ঘটনার ৯ বছর পর খালেদা জিয়া্ প্রথম বললেন তার স্বামী হত্যাকারী এরশাদ। সেই খুনির কাছ থেকেই তিনি আবার দুই দুইখান বাড়ি নিয়েছেন।
জিয়াউর রহমান ভাঙ্গা সুটকেট ও ছেড়া গেঞ্জি রেখে গেছেন এই কথা বলে বলে কেবিনেটে পাস করিয়ে বাড়ি গাড়ির সুযোগ কেন খালেদা জিয়া নিলেন-এমন প্রশ্ন করে শেখ হাসিনা বলেন, স্বামীর খুনির কাছ থেকে বাড়ি গাড়ি নিতে খালেদার লজ্জা হলো না।
যেই জিয়াকে হত্যা করেছেন এরশাদ তার কাছ থেকে এভাবে বাড়ি গাড়ি নেয়ার রহস্য কী- এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, কী সম্পর্ক ছিল এরশাদের সাথে খালেদা জিয়ার।
প্রধানমন্ত্রী যখন চীন সফর করছেন তখন ইউরোপীয় ইউনিয়নের সাথে এক বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া সরকারের সাথে আলোচনায় বসার প্রস্তাব দেন। অপরদিকে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বৃটেন থেকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য এসে এক প্রতিক্রিয়ায় বলেন, জিয়া হত্যার সাথে শেখ হাসিনা জড়িত। তাকে রিমান্ডে নেয়া দরকার।
একদিকে সংলাপের প্রস্তাব অপরদিকে প্রধানমন্ত্রীকে রিমান্ডে নেয়ার দাবি-এই দুই ধরনের বক্তব্যের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেই প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন।
ইউরোপীয় ইউনিয়ন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন তারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেগম খালেদা জিয়াতো এখন বিরোধী দলীয় নেতা নন। তার বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নকে এটা মনে রাখতে হবে।
ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি





