যশোরে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ২টি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে বাসের হেলপার অগ্নিদগ্ধ হন। ২০ দলের ডাকা লাগাতার অবরোধের মধ্যে এ ঘটনা ঘটে। আহতকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত আড়াইটা ও সাড়ে ৩টায় খাজুরা বাসস্ট্যান্ডে যশোর-মাগুরা রুটের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রথম বাসে আগুন দেওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনার ঘণ্টাখানেকের মাথায় ওই বাসস্ট্যান্ডেই মাত্র ২০ গজের মাথায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে পূর্ব ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসের’কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকালে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন খালেদা জিয়া।

এমকে