অভাবের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী। গোপালগঞ্জের কোটালীপাড়ার পশ্চিম নৈয়ারবাড়ি গ্রাম থেকে শুক্রবার দুপুরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। পরে তা গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান হয়।

তারা হলেন- দিনেশ বাকচীর ছেলে দিপক বাকচী (২০) এবং তার স্ত্রী বিবেক হালদারের মেয়ে লাকী বাকচী (১৭)।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছবেদ আলী এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ১৩ মাস আগে পশ্চিম নৈয়ারবাড়ি গ্রামের দিপকের সঙ্গে একই উপজেলার রামশীল গ্রামের লাকীর বিয়ে হয়। বিয়ের আগে দিপক ঢাকায় একটি কোম্পানিতে গার্ডের চাকরি করতেন। বিয়ের পর তিনি আর চাকরিতে যোগ দেননি। এলাকায়ই কাজের সন্ধান করতে থাকেন। কিন্তু স্বল্পশিক্ষিত হওয়ায় কোনো কর্মসংস্থান করতে পারেননি তিনি।

দিপকের বাবা সমান্য একজন মাছ বিক্রেতা হওয়ায় তার একার উপার্জনে সংসার চলছিল না। শুক্রবার ভোরে বাড়ির পাশের একটি কাঠাল গাছে স্ত্রীর শাড়ি গলায় পেঁচিয়ে তারা আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। স্থানীয়রা অভাবের কথা বলছেন। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

কেএইচ