গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর অংশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, ভোরে মহাসড়কের কাশিয়ানী অংশের বরাশুর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি নৈশকোচের সঙ্গে সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ মহিলাসহ বাসের ৬ যাত্রী নিহত হয়।

এছাড়া দুর্ঘটনায় আহত হয় অন্তত ২০ জন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করেছে।

হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ওসি জাকারিয়া হোসেন।

এমবি