বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫জন।

আজ বুধবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বগুড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস কেটে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুরের বিরামপুর থেকে ঢাকাগামী আহাদ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে এক বাসের একাংশ অন্য বাসের ভেতরে ঢুকে যাওয়ায় উভয় বাসের দরজা বন্ধ হয়ে যায়। দুই বাসের আহত যাত্রীরা আটকা পড়েন বাসের ভেতর। স্থানীয় লোকজন বাসের জানালা ভেঙে আহত কিছু যাত্রীকে বের করেন। খবর পেয়ে বগুড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাস দুটি কেটে অন্য যাত্রীদেরও উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছে শজিমেক কর্তৃপক্ষ।

বিকেলে হাইওয়ে পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় এখনও জানা যায়নি। জানার চেষ্টা চলছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীমুদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক করা হয়েছে।

এএস