ভোলা-লক্ষ্মীপুর সড়কের ইলিশা ফেরি ঘাটের বিধ্বস্ত সংযোগ সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার সকালে ইলিশা ফেরিঘাট সড়কে ভোলা ফেরি বাস্তবায়ন ও স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসীও একাত্মতা ঘোষণা করেন।

এতে বক্তব্য রাখেন- ফেরিঘাটের ইনচার্জ আবুল আলম ভূঁইয়া, ফেরি বাস্তবায়ন ও স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটি আহবায়ক অমিতাব অপু, সদস্য ও সাংবাদিক সাহাদাত শাহিন, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন, আক্তার হোসেন, সাংবাদিক হাসিব রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমি হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আমির হোসের, আব্বাস খান, মিজান সর্দার প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুট চালু হওয়ার মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ রক্ষা হয়ে আসছে। কিন্তু চলতি বর্ষা মৌসুমে দু’দফা ভাঙনে সংযোগ সড়কের বেশির ভাগ এলাকা বিধ্বস্ত হয়ে যায়। কিন্তু ফেরি ঘাট মেরামতে তেমন কার্যকরি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই অবিলম্বে ফেরি ঘাট মেরামতসহ ভাঙনের হাত থেকে সড়কটি রক্ষায় দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

ভোলা-লক্ষ্মীপুর সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের শত শত পরিবহন ও যাত্রীবাহী বাস চলাচল করে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নৌপথ।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই