আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।

এ জন্য সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির লোকবল বৃদ্ধি করা হয়েছে। বন্দর এলাকা সহ স্থল ,জল ও রেল পথেও কঠোর নজরদারী বাড়িয়েছে বিজিবি। বিজিবির পাশাপাশি ভারত সীমান্তেও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিএসএফ।

বিজিবি ২৬ ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল আরিফুল হক জানান- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি পোস্টে লোকবল বৃদ্ধি করা হযেছে। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা জোরদার করা হযেছে। যাতে কেউ অবৈধভাবে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে।ঈদ পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের ওপরও নজরদারি বৃদ্ধি করা হযেছে। সতর্কতার সাথে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে পাসপোর্টে সীল দেয়া হচ্ছে। ভারতের বনঁগা, হাওড়া ও কোলকাতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ও রেল ষ্টেশন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ভারত প্রশাসন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্কিট ক্যামেরায় নজরদারীও করছেন তারা।

চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ওমর শরীফ বলেন, বেনাপোল-পেট্টাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনেও নজরদারী বাড়ানো হয়েছে । রাতে সীমান্তে বসবাসরত লোকজনদের চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

নাছির/এএইচ