রাস্তার আবর্জনা পরিষ্কার করার জন্য নিজেই ঝাড়ু হাতে রাস্তায় নামলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) মাছিমপুর মনিপুরী পাড়ায় গিয়ে রাস্তার ওপরে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদের পর তিনি ঝাড়ু হাতে তুলে নেন।
এসময় মেয়রের আহ্বানে সাড়া দিয়ে পরিষ্কার অভিযানে অংশ নেন স্থানীয় কাউন্সিলর মুশতাক আহমদ।
সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর জানায়, মাছিমপুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এলাকা। এখানে দৃষ্টিনন্দন শৈল্পিক স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন।
তারা জানায়, প্রস্তাবিত জায়গাটি পরিদর্শনের জন্য প্রকৌশলীদের নিয়ে মেয়র মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাছিমপুর আসেন। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগে মাছিমপুর মূল সড়কের সাথে সংযুক্ত গলিপথের দুই পাশে বাজার দেখে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন।
এরপর গাড়ি থেকে নেমে মেয়র নিজেই মুশতাক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অবৈধ বাজার সরিয়ে নেয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
জানা যায়, অবৈধ বাজার উচ্ছেদের পর তিনি স্থানীয় একটি বাসা থেকে ঝাড়ু নিয়ে নিজেই রাস্তা পরিষ্কার করতে থাকেন। মেয়রকে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে দেখে মনিপুরী সম্প্রদায়ের শত শত মানুষ সেখানে জড়ো হন।
এসময় স্থানীয়রা জানান, রাস্তার উপরে বাজার বসানোর কারণে দীর্ঘদিন এলাকার বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।
এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা প্রকৌশলীদের নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানটি পরিদর্শনের জন্য এসেছিলাম। কিন্তু পথিমধ্যে মানুষের সাথে কথা বলে জানতে পারলাম, এই বাজারের কারণে তারা অনেক দুর্ভোগ পোহাচ্ছেন। তাই সাথে সাথেই ব্যবস্থা নিয়েছি।
কেএইচ





