চট্টগ্রামের লোহাগাড়ায় মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ২জন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আধূনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, মোটর সাইকেল চালক মো. ইলিয়াছ (২৭) ও পথচারী মো. মোরশেদ (২৫)।

হাইওয়ে পুলিশের দোহাজারী ফাঁড়ির সেকেণ্ড অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে যাওয়ার সময় একটি বাস বিকাল সাড়ে ৩টার দিকে লোহাগাড়া আধূনগর এলাকা অতিক্রমকালে ওভারটেক করার সময় বিপরীত মুখি একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার পার্শ্বে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী এবং অপর এক পথচারী মারা যান। বাস উল্টে আহত হয়েছেন বাসটির ১৬/১৭ জন যাত্রী।

আহতদের সবাইকে লোহাগাড়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

দুর্ঘটনাকবলিত  বাস ও মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।

এমই/মাসুম