খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ট্রাক ও একটি বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ সেনা সদস্যসহ ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আর্টিলারীর একটি বড় ট্রাক খাগড়াছড়ি সদর থেকে সিন্দুকছড়ি সদরের উদ্যেশ্যে যাওয়ার পথে মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে ধেয়ে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ৩ সেনা সদস্যসহ ১৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর থ্রী-টন গাড়ির চালক সার্জেন্ট আকমল হোসেন (৪১), ল্যান্স কর্পোরাল মো: সিরাজুল ইসলাম (২৫), ল্যান্স কর্পোরাল রায়হান হোসেন (২৪) বাসের চালক মো: ইয়াকুব আলী (৪০) এবং মোরশেদা বেগম (৪০)।

আহত বাকিদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে বাস চালক ইয়াকুব আলীকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত তিন সেনা সদস্য গুইমারা সিএমএস এবং বাকিরা মাটিরাঙ্গা উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিদ্দিক/এমবি