সন্ত্রাসী হামলায় নিহত লেখক ও ব্লগার অভিজিত রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে উন্নত চিকিৎসার জন্য শিগগির যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হবে। এরইমধ্যে তাকে সেখানে নেওয়ার প্রক্রিয়া ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাস শুরু করেছে।
অভিজিতের বাবা ও বন্যার শ্বশুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায় এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, বন্যাকে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার জন্য দূতাবাস সার্বিক আয়োজন সম্পন্ন করছে। খুব শিগগির তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে।
তবে, কখন নিয়ে যাওয়া হতে পারে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি ড. অজয় রায়।
গত ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে বইমেলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন লেখক অভিজিত রায় (৩৭) ও তার স্ত্রী। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ মারা যান।
পরে বন্যাকে ঢামেক থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন।
জেআই





