রাজধানী ঢাকার অদূরে সাভার সেনানিবাসের পাশের মাঠে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত একটি গ্রেনেড বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বোমকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সাভারের মোস্তাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে হৃদয় (১০) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে শুভ (১০)। সালমান (১১) নামে অপর এক শিশু আহত হয়।

সাভার মডেল থানার এএসপি রাসেল শেখ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে। অন্যটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়।

নিহত শিশুদের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে মোস্তাপাড়া গ্রামের একটি বাড়িতে দাওয়াত ছিল ওই শিশুদের পরিবারের সদস্যদের। সেখানে দাওয়াত খেয়ে তারা বাড়িতে চলে আসে। কিন্তু বিকেল হওয়ায় তাদের সঙ্গে থাকা কয়েকজন শিশু বাড়িতে না এসে সাভার সেনানিবাসের ফায়ারিং স্পটের (বোমকা) পাশের একটি মাঠে খেলাধুলা করতে যায়।

খেলাধুলার একপর্যায়ে তারা একটি পরিত্যক্ত গ্রেনেড পায়। সন্ধ্যায় খেলাধুলা শেষে তাদের মধ্যে শুভ নামের শিশু গ্রেনেডটি বাড়িতে নিয়ে আসার জন্য রওনা দিলে একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুই শিশু। আহত হয় আরও এক শিশু।

স্থানীয়দের অভিযোগ, সাভার সেনানিবাসের ফায়ারিং স্পটে সেনা সদস্যদের প্রশিক্ষণ দেয়ার সময় কিছু গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় এই মাঠে পড়ে থাকে। এছাড়া গত কয়েকদিন আগে কয়েকটি গ্রেনেড পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে গ্রেনেডগুলো সরিয়ে নেয়।

শিশুদের মৃত্যুর খবর শুনে মোস্তাপাড়া গ্রামের কয়েকশ এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সেনানিবাসের সদস্যদের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে।’

জেডআই