দেশব্যাপী আওয়ামী লীগের নগ্ন-হামলার প্রতিবাদে ময়মনসিংহ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপি।

সোমবার দুপুরে বিএনপির জেলা দক্ষিণ সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে বিএনপির একটি মিছিল শহরের হরিকিশর রায় রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে নতুন বাজার ট্রাফিক মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

মিছিলটি ঘুরে গঙ্গাদাস গুহ রোডের বাতিরকল মোড়ে পৌছলে সেখানেও পুলিশি বাধার সম্মুখীন হয়। পুলিশ বেষ্টনীর মধ্যেই বাতিরকল থেকে নতুন বাজার মোড় এলাকায় তারা বিক্ষোভ মিছিল করে।

মিছিলে বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম সম্পাদক কাজী রানা ও শাহ শিব্বির আহাম্মদ বুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদ, যুবদলের জেলা সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক, স্বেচ্ছাসেবকদলের জেলা সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন।

শান্তিপূর্ণ আন্দোলনকারীদের যারা গুলি করছে, পক্ষপাতদুষ্ট সেইসব কর্মকর্তাদের জনগণই বিচার করবে বলে হুশিয়ার করেছেন ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

তিনি বলেন, ময়মনসিংহে বিএনপির নেতৃত্বে ২০ দল শান্তিপূর্ণ আন্দোলন করছে। কয়েকদিনের ব্যবধানে পুলিশ স্বেচ্ছাসেবকদল ও বিএনপির তিন নেতাকর্মীকে গুলি করেছে। পক্ষপাতদুষ্ট এসব কর্মকর্তাদের ভবিষ্যতে জনগণ ক্ষমা করবে না। তিনি ময়মনসিংহের প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারিকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

কেএইচ