জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের স্ত্রী আফিফা আযমের (৮৬) ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।   

আজ (২৮ জুন) এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা আফিফা আযমের ইসলামের প্রচার ও প্রসারে আত্মত্যাগ ও গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমা আফিফা আযমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুমা আফিফা আযম শুক্রবার (২৮ জুন) বিকাল ৫.৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন)।

তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৬ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। মরহুমার অবদান ও আত্মত্যাগের ইতিহাস বিশ্বের ইসলামপ্রিয় জনতা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

মরহুমা আফিফা আযম’র জানাজা নামাজ শনিবার (২৯ জুন) রাত ৮.৩০ মিনিটে মগবাজার কাজী অফিস লেনে অনুষ্ঠিত হবে।

সর্বস্তরের জনশক্তিকে জানাজার নামাজে অংশগ্রহনের জন্য মহানগরীর আমিরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এইসব তথ্য জানানো হয়েছে।

এমবি