লক্ষ্মীপুরে এক নেতার জন্মদিনের কেক কাটা নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সংগঠনটির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার রাতে সদর উপজেলার মান্দারী বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাজী নিজাম এবং ছাত্রলীগকর্মী সম্রাট, সজীব হাসান তাসকিন ও মান্দারী বাজারের আবদুস সাত্তার।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
জেলার সহকারী পুলিশ সুপার খন্দকার শাহ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক আলাউদ্দিনের জন্মদিন উপলক্ষে মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে তার অনুসারীরা।
অভ্যন্তরীণ কোন্দলের জেরে একই কমিটির যুগ্ম আহ্বায়ক আবু তালেবের অনুসারীরা অনুষ্ঠান করতে বাধা দেয়।
এ নিয়ে দুপক্ষ লাঠিসোটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আওয়ামী লীগের কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





