বরিশাল সদর উপজেলার লামচরি সংলগ্ন কীর্তনখোলা নদীতে জাহাজ এম.ভি বাঙালীর ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে দুইজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার ভোরে কীর্তনখোলা নদীর কদমতলা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে আলামিন বরিশাল সদর উপজেলার লামচরির কদমতলার বাসিন্দা তৈয়ব আলীর ছেলে ও সাইদুল একই এলাকার বাদশা মিয়ার ছেলে।
শুক্রবার বেলা ১১টায় বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার লামচরি সংলগ্ন কীর্তনখোলা নদীর কদমতলা পয়েন্টে ঢাকা থেকে বরিশালগামী এম.ভি বাঙালী নামে একটি জাহাজ একটি মাছ ধরার ছোট নৌকাকে ধাক্কা দেয়। এসময় আলামিন ও সাইদুল নামে দুই জেলে নিখোঁজ হয়।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





