পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে খাসজমি দখল নিয়ে বুধবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ ২০ জন আহত হয়েছেন।
এদের মধ্যে সাইফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাটমোহর থানার অফিসার ইন চার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, সকাল আটটার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়া-ডেফলচড়া গ্রামের কাটা নদীর ৫০ শতাংশ খাসজমি দখল নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম ও আওয়ামী লীগ সমর্থক আফছার মন্ডল গং অবস্থান নেয়।
তিনি জানান, খবর পেয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গাজী নূরুল ইসলাম ফোর্সসহ নিয়ে সেখানে উপস্থিত হন। দুইপক্ষকে তদন্ত কেন্দ্রে নেয়ার পথে পাকপাড়া বুড়োপীরের মাজার মাদরাসা মাঠের কাছে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় সংঘর্ষকারীরা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
কেএইচ





