রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন।রোববার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনার পর গনমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

অনেক বস্তিবাসী তাদের সন্তান হারিয়ে গেছে বলে অভিযোগ করছেন । এ পর্যন্ত চারজন শিশু হারিয়ে যাওয়ার খবর এসেছে।এ বস্তিতে বেশিরভাগই কর্মজীবী মানুষ থাকেন। তারা  শিশু সন্তানদের বাসায় রেখে কাজে যান। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, এমন ঘটনায় শিশুদের খুঁজে না পাওয়াটা স্বাভাবিক। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

জানাযায়, এখন পর্যন্ত কারো নিহতের খবর পাওয়া যায়নি। গুরুতর দগ্ধ একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।তদন্তের পর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ বছরে গত ১৪ মার্চ বস্তিতে আগুন লাগে। সেসময় প্রায় অর্ধশত ঘর পুড়ে যায় ও আহত হন দুজন।বস্তিবাসীরা বলেন, বছরে বারবার আগুন লাগে বস্তিতে । আমরা কিভাবে বাঁচব। আমাদের জীবনের কি কোন মূল্য নাই । 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের হোটেল অথবা লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রোববার ‍দুপুর ২টা ৪৫ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে ডাম্পিংয়ের কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

নাজিব