রাজশাহী নগরীতে ছাত্রী নিবাসের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মৌসুমী (১৮) নামে এক ছাত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর গণকপাড়া এলাকার আবির ছাত্রী নিবাস থেকে লাফ দেন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, তার মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আহত ওই ছাত্রীর বাড়ি পাবনার ঈশ্বরদীতে। তিনি এসএসসি পরীক্ষা শেষে ওই ছাত্রী নিবাসে এসে ওঠেন। সেখানকার পঞ্চম তলায় থাকতেন তিনি।

ছাত্রী নিবাসের মালিক আদিল জানান, এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা তারা জানেন না। ছাত্রী নিবাসের অন্য ছাত্রীরাও তা বলতে পারছে না। বিষয়টি ওই ছাত্রীর পরিবারকে জানানো হয়েছে। তারা খবর পেয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মাইনুল ইসলাম জানান, ঘটনাটি তারা শোনেননি।

এমই