রংপুরের তামফাট ধর্মদাস কবিরাজপাড়া এলাকায় একটি ফার্নেস ওয়েল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে লাগা ওই আগুনে প্রায় কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কারখানা মালিক।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ওই কারখানার বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পর পরই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রংপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ আলী জানান, ওই কারখানায় গাড়ির টায়ার জ্বালিয়ে ফার্নেস ওয়েল তৈরি করা হতো। টায়ার জ্বালানোর সময় বয়লারে বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রংপুর কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, কারখানাটির কোনো নাম নেই। আনোয়ার হোসেন ও জাফর সাদিক নামে দুই জন ব্যক্তির মালিকানায় কারখানাটি পরিচালিত হয়ে আসছিল।
কেএইচ





