বাংলাদেশের মানুষকে কচুরিপানা খাওয়ানোর কথা বলে আলোচনায় ওঠা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নিজের বক্তব্যের ব্যাখ্যা দেয়ার পর এবার এ নিয়ে তুমুল আলোচনা গড়ালো জাতীয় সংসদে।
আজ (মঙ্গলবার) সংসদে অনির্ধারিত এক আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, এমন দিন আসবে কচুরিপানা থেকে সুস্বাদু খাবার হবে।’
তিনি বলেন, এক সময় কচুরলতি কেউ খেত না কিন্তু কচুরলতি এখন খুব সুস্বাদু খাবারে পরিণত হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের একাদশ অধিবেশন চলাকালে কচুরিপানা খাওয়া বিষয়ে পরিকল্পনামন্ত্রীকে নিয়ে সমালোচনা করে বক্তব্য রাখেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
এর জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আজ থেকে ৪০-৪৫ বা ৫০ বছর পূর্বে তখন ঢাকাতে কেউ কচুরলতি খেত না। কিন্তু আজকে কচুরলতি একটা খুব সুস্বাদু এবং প্রয়োজনীয় তরকারি হিসাবে চালু হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা চা খাই চা পাতা দিয়ে। নতুন কনসেপ্ট এসেছে পাটের পাতা থেকে চা পাতার মতো এক ধরনের ড্রিংকস তৈরি হচ্ছে। হয়তো একথা আগে বললে বলা হত এটা আবার কেমন কথা, দিন তো বদলাচ্ছে প্রতিদিন নতুন নতুন চিন্তা নতুন নতুন উদ্ভাবনী শক্তি আসছে।
আগে মাশরুম দেখলে বলা হতো হারাম খাবার ব্যাঙের ছাতা। হয়তো এমন দিন আসবে কচুরিপানা থেকে খাবার বের হবে যার ফ্রুট ভ্যালু অনেক খানি ভালো। অপেক্ষা করি তার জন্য। নেক্সট ওয়েট ফর দ্যাট।
এর আগে ব্যবসা-বাণিজ্য সহজ করার কয়েকটি বিধানযুক্ত করে কোম্পানি সংশোধন আইন-২০২০ মহান সংসদে পাস হয়।
এএস





