মাগুরায় গাড়ি চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ৬ যুবককে আটক করেছে মাগুরার মহম্মদপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মাহেন্দ্র থ্রি-হুইলার টেম্পো কম্পিউটার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১৯ আগস্ট রাতে মহম্মদপুর উপজেলার বিনোদপুরের চৌবাড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আক্তার মোল্যার ভাড়ায় চালিত মাহেন্দ্র থ্রি-হুইলার টেম্পো বাড়ির সামনের সড়ক থেকে ছিনতাই হয়।
মহম্মদপুর থানার এসআই সুভাষ চন্দ্র দাম অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে। আটক ৪ জনের বাড়ি চৌবাড়িয়া ও ২ জনের বাড়ি ফরিদপুর ও রাজবাড়ি জেলায়। চৌবাড়িয়া গ্রামের ২ জন পলাতক রয়েছে।
চৌবাড়িয়া গ্রামের আটককৃতরা হলো- গ্রামের কালাম সিকদারের ছেলে আশরাফুল ইসলাম (২৩), মৃত আলী আফজালের ছেলে আল ফারুক (৩০), জাফর মোল্যার ছেলে আলী আহসান (৩৩) ও সালাম মোল্যার ছেলে কাইয়ুম মোল্যা (৩৫)।
ফরিদপুরের মধুখালির আড়পাড়া গ্রামের আব্দুল বারিক শিকদারের ছেলে শাহরিয়ার শিকদার (২৫) ও রাজবাড়ির কালুখালির হাটগ্রামের ইয়াজউদ্দিন শেখের ছেলে বাবলু শেখকে (৩০) আটক করে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত চৌবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহিদ (২৫) ও ইসহাক মোল্যার ছেলে নুরুল ইসলাম (৫৬) পলাতক রয়েছে।
ছিনতাইয়ের মূল হোতা আশরাফুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী রাজবাড়ি জেলার কালুখালির হাটগ্রামের ইয়াজউদ্দিন শেখের ছেলে বাবলু শেখের বাড়ি থেকে ছিনতাই হওয়া মাহেন্দ্র থ্রি-হুইলার টেম্পো ও ডেস্কটপ কম্পিউটার উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে গাড়ি ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে। তারা আন্তজেলা ছিনতাই ও চোর চক্রের সদস্য বলে পুলিশ জানায়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, আটককৃতরা চুরি-ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা হয়েছে।
কেএইচ





