মিছিল ও পিকেটিংয়ের মধ্য দিয়ে ভাঙ্গাবাড়ি মহল্লাবাসীর ডাকে সিরাজগঞ্জ পৌর এলাকায় আধাবেলা হরতাল চলছে।সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে।
সোমবার পৌর এলাকার দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে ভাঙ্গাবাড়ির ইমরান হোসেন নামে এক যুবক নিহত হওয়ার প্রতিবাদেএ হরতাল পালনের ডাক দেয় ভাঙ্গাবাড়ি মহল্লাবাসী।
হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরে রিকশা, ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশাসহ সব ধরনের প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থনকারীদের মিছিল ও পিকেটিং করতে দেখা গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলামজানান, সোমবার থেকেই শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। হরতালে নাশকতা এড়াতে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।
ঢাকা,১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





