পবিত্র শবে বরাতের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে রাজধানীর পল্লবী এলাকার কালশীতে শনিবার ভোরে দুই পক্ষের মধ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ১১ জন মারা গেছেন। এর মধ্যে চারজন একই পরিবারের। আরেক পরিবারের আছেন আরো ২ সদস্য।
এই লাশগুলো রাখা হয়েছে কালশীর মোনাপাড়া বিহারি ক্যাম্পের ভিতরের একটি ক্লাবে। সেখানে শত শত নারী-পুরুষ লাশ ঘিরে রেখেছে।
পুলিশ সেই ক্যাম্পে অভিযান শুরু করেছে। দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এর পাশের রাস্তা থেকে অন্তত: ৫০ জন বিহারি যুবককে একসঙ্গে ধরে প্রিজন ভ্যানে উঠিয়ে নেয়।
পল্লবী থানার উপপরিদর্শক আবু সাঈদ জানান, আটক বিহারীদের থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় সম্পৃক্ততা খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এলাকায় বিহারিরা সংঘবদ্ধ হয়ে অবস্থান নিয়েছে বলে ধারণা করছে পুলিশ। দুইপক্ষের মুখোমুখি অবস্থানে থমথমে অবস্থা বিরাজ করছে মোনাপাড়া ক্যাম্প ঘিরে। যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
ঢাকা, ১৪ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





