ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে সেতুর রেলিং ভেঙে বাস খেদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে৮ জন হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
শনিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ধুলদী বাজার এলাকায় মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে ৬ জন ঘটনাস্থলে এবং অন্য ২ জন হাসপাতালে আনার পরে মারা যান। এদের মধ্যে বাসের সুপার ভাইজারও রয়েছেন।
দুইজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- হাবিবুর রহমান ও ফারুক হোসেন। তাদের বাড়ি গোপালগঞ্জ। নিহত অন্য ৬জনের মধ্যে ৩ জন পুরুষ আর ৩ জন নারী।
কোতোয়ালি থানার ওসি এফএম নাছিম বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে কুমার নদে পড়ে গেলে ঘটনাস্থলেই এর ৬ যাত্রী নিহত হন।
এছাড়া হাসপাতালে নেওয়া হলে সেখান আরও ২ জন মারা যান বলে জানান ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শওকত আলী জোয়ার্দার। তিনি বলেন, দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুঘটনার খরব পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, হাইওয়ে পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশসহ এলাকাবাসী গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।
ফরিদপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, কমফোর্ট পরিবহনের এই বাসটি দ্রুত গতিতে চলার সময় সেতুতে ওঠার পর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
এমবি





