জামালপুরে ভিজিএফ’র চাল নিয়ে ফেরার পথে ডুবে যাওয়া নৌকার ৬যাত্রীকে যমুনা নদীর চর থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।
গত রাতে দেওয়ানগঞ্জ উপজেলায় ওই নৌকাডুবির ঘটনায় ৫ জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর উদ্দিন অলি।
আজ (০৮ আগস্ট) বৃহস্পতিবার নূর উদ্দিন অলি বলেন, “বৈরী আবহাওয়ার কারণে কাল রাত ১টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। আজ সকালে আবার শুরু করার পর ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে প্রজাপতির চর থেকে ৬ জনকে উদ্ধার করা হয়।”
নিখোঁজরা সবাই চর হলকা হাওড়াবাড়ী এলাকার বাসিন্দা বলে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ফুটানী বাজার ঘাট থেকে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে বুধবার রাত ৮ টার দিকে টিনের চরের কাছে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।
দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএওফ’র চাল নিয়ে ওই নৌকায় ফিরছিল লোকজন। নৌকায় অন্তত ২৭ জন যাত্রী ছিলেন। ঘটনার সময় নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত ছিল। আকাশও ছিল মেঘলা, প্রবল বাতাস বইছিল। নৌকাডুবির পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ১৬ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
দেওয়ানগঞ্জ সার্কেলের এএসপি রাকিবুল হাসান রাসেল জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও স্থানীয়রা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। দুটি বড় নৌকা নিয়ে যমুনার মাঝপথ, দুর্ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
এমবি





