প্রধান বিচারপতি ও আদালত অবমাননায় জরিমানা এবং এর ফলে নৈতিকতার কারণে পদত্যাগ করবেন কি না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রায়ের কপি হাতে পেলে জানাবেন বলে জানিয়েছেন দুই মন্ত্রী।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আইন মেনেই আদালতের রায়ের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলাদা আলাদাভাবে দুই মন্ত্রী এসব কথা জানান।

আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন কি না, জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক বলেন, ‘আইন মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমি সংবিধান এবং দলের প্রতি সব সময়ই আনুগত্যশীল। সংবিধান লঙ্ঘন হয় এমন কাজ কখনোই করিনি, করবও না। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে আইনজীবীদের সঙ্গে আলাপ করে আমি পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্য করায় ২৭ মার্চ খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন সুপ্রিম কোর্ট। আদালত বলেন, জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে দুই মন্ত্রীকে।

এআইজে