খুলনায় পারিবারিক কোন্দলের জেরে স্বামীর পিটুনিতে তাসলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে পুলিশ কয়রা উপজেলা সদরের উত্তর মদিনাবাদ গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা দুই ছেলের মা।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের হযরত আলী গাজীর সঙ্গে পার্শ্ববর্তী কয়রা উপজেলা সদর ইউনিয়নের উত্তর মদিনাবাদ গ্রামের আবুল গাজীর মেয়ে তসলিমা খাতুনের বিয়ে হয়।

পরে হযরত আলী গাজী দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে তাসলিমা বাপের বাড়ি চলে আসেন। গত মঙ্গলবার বিকালে হযরত আলী শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন।

স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান। এ সময় তাদের মধ্যে ঝগড়া শুরু হলে হযরত আলী স্ত্রী তাসলিমাকে বেদম প্রহার করে। রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়। এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে ঘাতক স্বামী হযরত আলীকে আটক করে রাখে।

বুধবার ভোরে খবর পেয়ে পুলিশ নিহত তাসলিমার লাশ উদ্ধার ও ঘাতক স্বামী হযরত আলীকে গ্রেফতার করে। এ ঘটনায় কয়রা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমবি