সকাল থেকে থেমে থেমে বৃষ্টি। ঢাকা শহরের নিয়মিত যানজট জলাবদ্ধতায় আরো তীব্র আকার ধারণ করেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ অফিসগামী মানুষ।
মিজানুর রহমান হৃদয়। সকাল ৯টায় রাজধানীর মিরপুর থেকে বের হন। উদ্দেশ্য, মতিঝিলে ব্যবসায়িক কাজ সম্পন্ন করা। দুপুর ১টায় এসে পৌঁছান মতিঝিলে ব্যাংকপাড়ায়। তিনি বলেন, ‘সামান্য বৃষ্টিতেই প্রধান সড়কগুলোতে হাঁটুসমান পানি। এমনিতেই শহরে চিরচেনা যানজট লেগেই আছে। আর বৃষ্টির কারণে এই দুর্ভোগ দ্বিগুণ আকার ধারণ করে।’
অনেকটা ক্ষোভ প্রকাশ করে মিজানুর রহমান হৃদয় বলেন, ‘প্রতিবছর বৃষ্টি এলেই শহরে এই দুর্ভোগ বেড়ে যায়। মিডিয়া এসব দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশ করে। কিন্তু সরকার কর্ণপাত করে না। ফলে আজ আমরা পানিপথের যোদ্ধা।’
দুপুর ২টায় বাড্ডা থেকে পুরানা পল্টন এসছেন ইমাম হোসেন টিটু। বাড্ডা থেকে সকাল সাড়ে ১০টায় যাত্রা শুরু করেন তিনি। জলাবদ্ধতার কারণে তীব্র যানজট রাজধানীর মালিবাগ, মৌচাক ও শান্তিনগরে। তাই মৌচাক থেকেই হেঁটে পল্টন এসেছেন তিনি। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে পল্টনে এলাম। রাস্তাঘাটের অবস্থা দেখে মনে হয়, দেশে কোনো সরকার নেই। এভাবে মানুষের সময় নষ্ট হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।’
রাজধানীর মতিঝিল, গুলিস্তান, টিকাটুলি, যাত্রাবাড়ী চৌরাস্তা, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা, মগবাজার, উত্তরা, গুলশান, মগবাজার, শান্তিনগর, ফার্মগেট, মিরপুর, শ্যামলীসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যানজটের ভয়াবহ চিত্র দেখা যায়। রাস্তায় রয়েছে অসংখ্য গাড়ির দীর্ঘ লাইন।
একই চিত্র দেখা গেছে, রাজধানীর ধানমন্ডি, সায়েন্সল্যাব, নিউ মার্কেট, মোহাম্মদপুর, কাকরাইল, পল্টন, দিলকুশা, সেগুনবাগিচা, কারওয়ান বাজার, বনানী, উত্তরা ও মহাখালীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। একটি সিগন্যাল পার করতে সময় লাগছে প্রায় এক ঘণ্টা।
একটু বৃষ্টি হলেই দেশের প্রশাসনিক হেডকোয়ার্টার সচিবালয়ের সামনের রাস্তায়ও পানি জমে যায়। এ ছাড়া নিচু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। অনেক এলাকার পানির সঙ্গে স্যুয়ারেজ লাইনের বর্জ্য যুক্ত হয়ে যাওয়ায় সেসব এলাকায় দুঃসহ অবস্থার তৈরি হয়।
যাত্রাবাড়ী-গাবতলী রোডে চলাচলকারী ১৪ নম্বর বাসের চালক আজিজুর রহমান বলেন, ‘যানজটের কারণে মতিঝিল থেকে পল্টন এসে ১০ মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে ১ ঘণ্টা। এতে যাত্রীরা চরম বিরক্ত। যানজটে আটকা পড়ে অনেক সময় যাত্রীরা বাস থেমে নেমে হেঁটে যান। আর আমাদের পকেট খালি।’
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





