রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ।

এছাড়া বাঘায় ট্রেনের নিচে কাটা পড়ে আবদুল মান্নান (৬০) নামে আরও এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

রাজশাহীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) এবারত হোসেন জানান, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

পরে দুপুর পর্যন্ত পরিচয় না পেয়ে ময়না তদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মরদেহ উদ্ধারের সময় তার পরনে কালো প্যান্ট ও শরীরে গ্রামীণ চেকের শার্ট ছিল বলে জানান তিনি।

এদিকে, রাজশাহীর বাঘা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আবদুল হান্নান (৬০) নামে অপর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আড়ানী পৌর এলাকার চকসিংগা গ্রামের অধিবাসী।

আবদুল হান্নান পেশায় একজন হলুদ ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, সকাল ১০টার দিকে আড়ানী রেল ব্রিজের পশ্চিম পাশে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী একটি কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন আবদুল হান্নান। তবে স্থানীয়রা ঘটনাটি আত্মহত্যা বলেছেন।

প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের আবদনের পর ময়নাতদন্ত ছাড়াই দুপুরে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

ওএফ