চুয়াডাঙ্গায় ঢাকঢোল পিটিয়ে খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ নিরোধ অভিযানের শুরুতেই ফরমালিন পরীক্ষা করার যন্ত্র বিকল হয়ে গেছে।

এতে ক্ষুদ্ধ হয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা চলে যাওয়ায় অভিযান পণ্ড হয়ে যায়।

সোমবার দুপুরে অভিযানের উদ্বোধন শেষে শহরের বড় বাজারে ফলের দোকানে অভিযানকালে এ বিপত্তি ঘটে।

জেলা প্রশাসন সূত্র জানায়, খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রন নিরোধ অভিযান নিয়ে বেশ কয়েকদিন ধরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়।

সোমবার দুপুরে শহরের শহীদ হাসান চত্বরে অনেকটা ঘটা করে অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। এসময় চুয়াডাঙ্গার প্রতিটি সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

জমকালো উদ্বোধন শেষে শহরের বড় বাজারের ফলের দোকানগুলোতে ফরমালিন সনাক্তে অভিযান শুরু হয়। কিন্তু হঠাৎ করে ফরমালিন পরীক্ষা করার যন্ত্র বিকল হয়ে পড়ে।

এতে ক্ষুব্ধ হয়ে অভিযানস্থল ত্যাগ করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার ছালেহ উদ্দীন আহম্মেদ, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ আমন্ত্রিত অতিথিরা।

জেলা মৎস্য অফিসার মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আকস্মিকভাবে ফরমালিন যন্ত্র বিকল হয়ে পড়ায় এই বিপত্তির সৃষ্টি হয়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরে এই নষ্ট হওয়া ফরমালিন পরীক্ষা যন্ত্র দিয়ে ব্যবসায়ীদের থেকে জরিমানা আদায় করা হয়েছে অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা।

চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার জানান, এই খারাপ যন্ত্র দিয়ে বিগত দিনে ব্যবসায়ীদের ফরমালিনের নামে লাখ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তারা যন্ত্র ঠিক নেই দাবি করলেও তা মানা হয়নি। তাদের কথা দেরিতে হলেও সত্য হলো।

এ বিষয়ে যোগাযোগ করা হলে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জেআই