দিনের প্রথম ভাগের কর্মব্যস্ত সময় পার করার পর হোটেল সোনারগাঁওয়ে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি হোটেল সোনারগাওয়ে পৌঁছান।
হোটেল সোনারগাঁওয়ে বিশ্রাম এবং মধ্যাহ্ন ভোজ শেষে বিকালে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে দিনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক করবেন।
এর আগে বেলা ১২টা ১০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছান বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ১০টা ১০ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট ‘রাজদূত’-এ করে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোদি। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা।
এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে লাল গালিচা সংবর্ধনা ও বিশেষ গার্ড অব অনার দেয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তিনি।
সাভারে মোদিকে অভ্যর্থনা জানান আইনমন্ত্রী আনিসুল হক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান,
সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, ঢাকার ডিসি তোফাজ্জল হোসেন মিয়া, ঢাকার এসপি হাবিবুর রহমান।
২৪ সদস্যদের প্রতিনিধি দল ছাড়াও মোদির সঙ্গে রয়েছে ভারতীয় গণমাধ্যমের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল
এআর





