ময়মনসিংহ-৩ আসনের বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এফ এম নজমুল হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোক জানিয়েছেন। সেই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বুধবার বেলা সোয়া ২টার দিকে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এ এফ এম নজমুল হুদা দীর্ঘদিন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক জানান, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি চত্বরে।

পরে দুপুর ২টায় গৌরীপুর খেলার মাঠে তৃতীয় জানাজা ও বাদ আসর নিজ গ্রামের বাড়ি উপজেলার মূলাকান্দি গ্রামে চতুর্থ জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

এদিকে, তার মৃত্যুতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

এমএম