রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনের চৌরঙ্গী মোড় বাস স্ট্যান্ডের পাশে সড়ক অবরোধ করেছেন ‘ট্রাস্ট ট্রাউজার্স’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ (শুক্রবার) সকাল ৮টায় অন্যদিনের মতো কর্মস্থলে গিয়ে প্রতিষ্ঠানটির শ্রমিকরা দেখতে পান গেটে তালা ঝুলছে। এর পরপরই ‘একতাবদ্ধ’ হয়ে সড়ক অবরোধ করেন তারা। বেলা ১২টায় এ সংবাদ লেখা পর্যন্ত তাদের আন্দোলন চলছিল।

ট্রাস্ট ট্রাউজারের শ্রমিক রোজিনা আক্তার বলেন, বৃহস্পতিবার আমরা ডিউটি করেছি। আজকে সকালে এসে দেখি মালিকপক্ষ তালা ঝুলিয়ে দিয়েছে। আগের থেকে কোনো নোটিশ না দিয়ে এভাবে কারখানা বন্ধ করে দেয়ায় আমরা বিক্ষোভ করছি।

এ পোশাক কারখানাটিতে প্রায় ১৮০০ শ্রমিক কাজ করে জানিয়ে তিনি বলেন, এত শ্রমিক এখন কোথায় যাবে। হুট করে কারখানা বন্ধ করে দেয়ায় আমাদের না খেয়ে থাকতে হবে। এছাড়া আমাদের বকেয়া বেতনও পরিশোধ করেনি মালিক পক্ষ।

পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রোখসানা আক্তার রুমা শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে পল্লবী থানার ইন্সপেক্টর অপারেশন শাহ আলম জানান, পুলিশ তাদের মূল সড়কের মাঝখান থেকে একপাশে সরিয়ে দিয়েছে। সমঝোতার মাধ্যমে তাদের তুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এমবি