কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা মহাখালী বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের বিরোধের কারণে শুক্রবার সকাল থেকে কিশোরগঞ্জ থেকে ঢাকা মহাখালী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এর ফলে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল আন্তজেলা বাস টার্মিনাল থেকে ঢাকা মহাখালী বাস টার্মিনাল অভিমুখে কোনো বাস ছেড়ে যায়নি এবং ঢাকা থেকেও কোনো বাস ছেড়ে আসেনি। গতকাল হরতালের পর আজ হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি সূত্রে জানা যায়, সাতদিন আগে উক্ত রুটে চলাচলকারী কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির উজান ভাটি পরিবহনের একটি বাসের চালককে গাজীপুরের রাজাবাড়িয়া এলাকায় তুচ্ছ ঘটনায় মারধর করে মহাখালী বাস টার্মিনাল ইউনিয়নের আওতাধীন কয়েকজন শ্রমিক। এর জের ধরে মহাখালী বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন প্রথমে উজান ভাটি পরিবহন ও পরে গত বুধবার থেকে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সকল বাস চলাচল বন্ধ করে দেয়।

এ পর্যায়ে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতিও সকাল থেকে ঢাকা মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির বাস চলাচল বন্ধ করে দেয়।

কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা জানান, মহাখালী বাস টার্মিনাল ভিত্তিক মালিক ও শ্রমিক ইউনিয়ন সব সময়ই কিশোরগঞ্জের চালক ও সহকারীদেরকে মারধর ও জোরপুর্বক টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানী-নির্যাতন করে থাকে। তাদের কারণে এর আগেও একাধিকবার বাস চলাচল বন্ধ থেকেছে।

অবশ্য জেলা শহরের বত্রিশ আন্তজেলা বাস টার্মিনাল থেকে নরসিংদী হয়ে ঢাকা সায়েদাবাদ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই