ঢাকার নবীনগর ও টঙ্গাবাড়িতে সড়ক দুর্ঘটনার শনিবার সকালে দু'জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আশ্রাফ হোসেনের ছেলে বাবু (২২) এবং ডেন্ডাবর এলাকার মৃত মনমোহনের ছেলে ক্ষিতিশ চন্দ্র সরকার (৪০)।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বদরুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মাদবর বাড়ির সামনে একটি যাত্রীবাহী বাস রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাযাত্রী বাবু মারা যান।
এ সময় স্থানীয়রা রিকশাচালক ও অন্য এক যাত্রীকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
অন্যদিকে নিহত ক্ষিতিশের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, ক্ষিতিশ সকাল ৯টার দিকে ফুল কেনার জন্য বাসা থেকে বের হন। এ সময় নবীনগর-চন্দ্রা সড়কের পাশে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থল লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত কোনো চালককে আটক করতে পারেনি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আশুলিয়া থানার ওসি।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





