কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থানের গাছ-পালা, বিনষ্ট হয়েছে ফল-ফলাদি, জমির ফসল ও ঘরের চালাসহ অনেক স্থাপনা। এবংএলাকার মানুষেরা ব্যপক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে।
এছাড়া ঝড়ে গাছ চাপা পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ঝুমুর এলাকায় রবিবার সন্ধ্যায় ঝুমুর গ্রামের আবদুর রশিদ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
জানা গেছে, কালবৈশাখী ঝড়ে মহাসড়কের পাশের বিভিন্ন স্থানে বেশকিছু গাছ উপড়ে পড়ে ও গাছের ডাল-পালা ভেঙ্গে সড়কে পড়ায় রবিবার রাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রীরা। সংশ্লিষ্ট থানা পুলিশ মহাসড়কে পড়ে থাকা গাছপালা সরিয়ে নেয়ার পর সোমবার সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জেলার দাউদকান্দি মডেল থানার ওসি আবদুস সালাম বলেন, ঝড়ের সময় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেটে আগুন ধরে কমপক্ষে ২৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের লাখ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের কয়েকটি স্থানে গাছ এবং ডাল-পালা ভেঙে পড়ায় যানবাহন চলাচল ব্যহত হয়েছিল, সোমবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে রবিবার সন্ধ্যা থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ঝড়ে গাছের ডাল-পালা পড়ে কোথাও কোথাও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে রাতে পুরো নগরী ও জেলার বিভিন্ন উপজেলা সদরসহ অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় ভুতুরে এলাকায় পরিণত হয়।
ঝড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দফতর ও আবাসিক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় ছিল। নগরীর ধর্মসাগরপাড়, পৌরপার্ক, দক্ষিণ চর্থা, কালিয়াজুড়ি, চকবাজার, টমছমব্রিজ, মোগলটুলীসহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে আবার কোথাও ডালপালা ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুমিল্লা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের জানান, ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব লাইনের সংস্কার চলছে, বিকালের মধ্যে এ সমস্যা নিরসন হয়ে যাবে।
এআই





