লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাব চুরির অপরাধে ইয়াছিন (৮) নামে এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ তার অনুসারীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতলে ভর্তি করেছে।

বুধবার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাংলাবাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশু ইয়াসিনের মা মিলন বেগম বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন নামের স্থানীয় এক বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার একই এলাকার আবদুস সালাম পাটোয়ারীর গাছ থেকে দুটি ডাব চুরির করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে শিশু ইয়াছিনের বিরুদ্ধে।

পরে বুধবার দুপুরে ইয়াছিনকে খুঁজে বাড়ি থেকে নিয়ে বাংলাবাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের খুঁটির সঙ্গে বেঁধে আব্দুস সালাম পাটোয়ারী, বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ কয়েকজন মিলে ইয়াছিনকে লাঠি দিয়ে দফায় দফায় মারধর করে।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতা দেলোয়ার হোসেন, আব্দুস সালাম পাটোয়ারী ও মো. দেলোয়ারকে আটক করে। পরে শিশুটিকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে শিশুটির মা মামলা করায় এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এমকে