১৪ দিন ধরে বন্ধ রয়েছে কুমিল্লা-নবীনগর সড়ক। কারণ, ১৪ অক্টোবর সিমেন্ট বোঝাই একটি  ট্রাক মেটংঘর বেইলি ব্রিজ ভেঙ্গে পানিতে পড়ে যায়। তারপর থেকে ব্রিজটি আর মেরামত হয়নি। ফলে সীমাহীন দুর্ভোগে নৌকায় পারাপার হচ্ছেন  এ সড়কের যাত্রীরা।

নবীনগরের সঙ্গে যোগাযোগ  ব্যবস্থায় মুরাদনগর উপজেলার মেটংঘর এলাকার বেইলি ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর থেকে যাত্রীদের দুর্ভোগ ও অতিরিক্ত ব্যয় বেড়েছে। অন্যদিকে সময়েরও অপচয় হচ্ছে। মালামাল পার করতে না পারায় নবীনগরের ব্যবসায়ীরা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে ।

জানা যায়,  ১৪ অক্টোবর নবীনগরগামী  ট্রাকটিতে অতিরিক্ত সিমেন্ট বোঝাই থাকার দরুণ ব্রিজটি ভেঙ্গে পড়ে। ট্রাকটিতে সেদিন ৪০ টন সিমেন্ট  বোঝাই ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার পর সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়ার মহিউদ্দিন নগর থেকে পরিত্যক্ত একটি বেইলি ব্রিজ খুলে মেটংঘরে স্থাপন করা হবে। এসময় এক সপ্তাহের মধ্যে এ সড়কটি চালুর কথা বলা হলেও দু সপ্তাহেও চালু করা যায়নি।

জেআই