সড়ক সংস্কারের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল করেছে পাঁচ শতাধিক প্রতিবন্ধী ও স্থানীয় জনগণ। পৌরসভার শিমুলতলা থেকে সিআরপি-আমতলা পর্যন্ত দুই কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এ কর্মসূচি পালন করে তারা।
বুধবার বেলা ১১টায় সিআরপির প্রধান গেট থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয় মিছিলটি।
এসময় বিক্ষোভকারীরা বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত পঙ্গু এবং বিকলাঙ্গ মানুষ আসে সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে। কিন্তু সিআরপিতে যাতায়াতের এক মাত্র সড়কটিতে সারা বছর জলাবদ্ধতা থাকায় হুইল চেয়ারে চলাচল করতে তাদের দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি সমাধানে স্থানীয় পৌরসভায় একাধিক বার আবেদন করেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ করেন তারা।
অবিলম্বে সড়কটি সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পাইনাল কর্ড ইনজুরি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাভার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস, কোষাধক্ষ নুর-এ কামাল রনিসহ অন্যন্যারা।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





