পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে সামনের ১৮ থেকে ২১ সেপ্টেম্বর ৪ দিনের সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সফরে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) তৃতীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।

ভারত সফরে আবুল হাসান মাহমুদ আলী দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রসঙ্গত, নতুন সরকার গঠন হওয়ার পর বাংলাদেশের পক্ষে এই প্রথম পররাষ্ট্রমন্ত্রী বা সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি ভারত সফরে যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সকালে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে।

এর আগে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) তৃতীয় বৈঠক সেপ্টেম্বরের ২০ তারিখে নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দিবেন।

শহীদুল হক জানান, এরই মধ্যে জেসিসি বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে কী কী বিষয়ে আলোচনা করা হবে তা ঠিক করার জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। মূলত দুই দেশের অমিমাংসীত বিভিন্ন ইস্যুর বিষয়ে এই বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে।

কূটনীতিক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের ২০ তারিখে তৃতীয় পর্যায়ের জেসিসি বৈঠকটি দুই দেশের জন্যই সমান গুরুত্বপূর্ণ। সামনের জাতিসংঘ অধিবেশনের ফাকে নিউইয়র্কে ২৭ সেপ্টেম্বর হাসিনা-মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। হাসিনা-মোদী বৈঠকের বিষয়বস্তু ও দুই দেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে ঢাকা-দিল্লী কে কাকে কোন কোন বিষয়ে সহযোগীতা করবে তা সামনের জেসিসি বৈঠকে নির্ধারিত হবে।

জানা গেছে, জেসিসি বৈঠকে বাংলাদেশের পক্ষে তিস্তা চুক্তির বাস্তবায়ন, স্থল সীমানা চুক্তি কার্যকর, সীমান্তে হত্যা বন্ধ এই তিনটি ইস্যুকে অগ্রাধিকারভাবে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া বিদ্যুৎ, অবকাঠামো উন্নয়ন, চাঞ্চল্যকর সাত হত্যাকাণ্ডের আসামি নূর হোসেনকে ফেরত, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

এদিকে ভারতের পক্ষ থেকে শতভাগ ট্রানজিট এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ে জেসিসি বৈঠকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। এ ছাড়া বাণিজ্য, অনুপ চেটিয়াকে ফেরত দেওয়া, আঞ্চলিক ফোরাম কার্যকর, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে সহযোগিতা চাওয়া, সীমান্তে অনুপ্রবেশ, সংস্কৃতিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হবে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ