সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সবাই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।   

শুক্রবার (২৪ আগস্ট) বিকেলে এই খবর নিহতদের বাড়িতে পৌঁছলে শুরু হয় শোকের মাতম। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৩ জন এবং খাগকান্দা ইউনিয়নের চম্পকনগরের একজন।

নিহতদের মধ্যে কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জাব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), একই গ্রামের মোতালিব ব্যাপরীর ছেলে নুরা মিয়া (২৩), পার্শ্ববর্তী গ্রামের খালিয়ারচর গ্রামের মোকররমে ছেলে উজ্জল (২২) ও খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের রাসেল (২৪)। নিহত রাসেলের পিতার নাম আক্রম আলী। তিনি ৩ বছর যাবত সৌদি আরবে থাকতেন।

কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, নিহতরা সবাই মদিনার আল-ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টায় তারা একটি মাইক্রোবাস দিয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। এদের মধ্যে বাংলাদেশের ৪ জন ঘটনাস্থলেই মারা যান। এরা সবাই আড়াইহাজারের বাসিন্দা।

সাইফুল ইসলাম স্বপন আরও জানান, স্বজন হারানোর বেদনায় গোটা কালাপাহাড়িয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। শান্তনা দেয়ার ভাষা নেই কারো। আল্লাহ পাকের নিকট দোয়া করি তিনি যেন নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক দান করেন।

এমবি