আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) পুরাতন জোনের এফসিআই (বিডি) লিমিটেড গার্মেন্টসে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পুরাতন জোনের ভেতরে অবৈধভাবে শ্রমিক আন্দোলন ও ভাঙচুর করার অভিযোগে কারখানার ৬৭ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ।
কারখানাটির মূলফটকে শনিবার সকালে ছাঁটাই শ্রমিকদের ছবিসহ নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।
ঈদের আগে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শিল্প এলাকায় উত্তেজানা বিরাজ করছে।
শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, তিন দিন বন্ধ থাকার পর শনিবার সকালে এফসিআই (বিডি) কারখানাটি খুলে দেয় মালিকপক্ষ। এ সময় শ্রমিকরা ভিতরে প্রবেশ করতে চাইলে ছাঁটাই শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা।
তিনি জানান, বিষয়টি কারখানার শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ায় তারা ক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিইপিজেডের এফসিআই (বিডি) লিমিটেড নামক কারখানার শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচ শ্রমিক আহত হন।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরিস্থিতি অবনতির আশঙ্কায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।
এমকে





