আটক ভারতীয় তিন নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়েছিল।

শনিবার রাত সাড়ে ৮টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১ নম্বর সাবপিলারের সীমান্ত চৌকিতে ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সুনিল যাদব ও বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নানের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিন ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়। এ সময় সেখানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

হস্তান্তরকৃত ভারতীয়রা হলেন নদীয়া জেলার তেহট্টা থানার চিলাখালি গ্রামের জীতেন সরকারের ছেলে মনোদিপ সরকার (৪০), মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার কান্তনগর গ্রামের মৃত ভুদুলাল মন্ডলের ছেলে হেরেন মন্ডল (৩৮), একই জেলার রানিতলা থানার তুকারপাড়া গ্রামের কার্তিক চন্দ্র দাস বৈরাগ্যের ছেলে পরিমল দাস বৈরাগ্য (২৩)।

আটককৃতরা জানান, সপ্তাহখানেক আগে তারা হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পাবনাতে এক মন্দিরে কির্তন পরিবেশন করতে যান। পরে সেখান থেকে ফিরে গতকাল শুক্রবার রাতে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ওই তিন ভারতীয় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করলে বালুরচর থেকে তাদের আটক করা হয়। তাদের বিএসএফের কাছে হস্তান্তরের জন্য বিজিবির পক্ষ থেকে চিঠি দেওয়া হলে তারা আজ তাদের ফেরত নিতে সম্মত হয়।

এএইচ