দিনাজপুরে ফুলবাড়ীতে বাসচাপা থেকে বাঁচতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়ছেন। এতে আরও ৬ জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল হাসান।

নিহতরা হলেন- জেলার চিরির-বন্দর উপজেলার আমবাড়ী দৌলতপুর গ্রামের আবেদুল মেম্বারের ছেলে ফরহাদ (৩৫) ও রোকনুজ্জামানের ছেলে অন্তর (৩২) এবং দিনাজপুর সদর উপজেলার আসিক (২৮)।

এ ব্যাপারে ফুলবাড়ী থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসসহ চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল হাসান।

তিনি জানান, এদিন সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বাজিতপুর মোড় নামক স্থানে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী ধানের ক্ষেতে পড়ে যায়। ট্রাকটিকে উদ্ধারের জন্য সেখানে রাত সাড়ে ৯টায় আরেকটি ট্রাক কাজ করছিল। এসময় ফুলবাড়ী থেকে তিনটি মোটরসাইকেলে করে নয়জন আরোহী দিনাজপুরে যাওয়ার সময় ওই ট্রাকটি ওভারটেক করতে চাইলে সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা ফুলবাড়ীমুখী একটি বাস তাদের চাপা দেয়। চাপা থেকে বাঁচতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। 

জেড