চুয়াডাঙ্গা দর্শনার ভারত সীমান্ত দিয়ে রোববার দুপুরে চার বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাচারের শিকার হয়ে ভারতে গিয়ে ধরা পড়ে বহরমপুর আনন্দ আশ্রম সেফহোমে এক বছর ছিল এ চার বাংলাদেশী কিশোর।
এরা হচ্ছে— রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারীনগর গ্রামের মান্নান শেখের ছেলে সোনারুল শেখ (১৫), একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুল কাদের (১৭), তানোর উপজেলার গাল্লা গ্রামের অধীর রাম দাসের ছেলে রিপন রাম দাস (১৮) ও নওগাঁ জেলার সাপাহার উপজেলার পীরহাপানিয়া গ্রামের মান্নানের ছেলে জুয়েল (১৮)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল আলম জানান, ভারতে ভাল কাজ দেওয়ার কথা বলে ২০১৩ সালের জুন ও জুলাই মাসে রাজশাহী ও নওগাঁ জেলার ভারত সীমান্ত দিয়ে চার বাংলাদেশী কিশোরকে ভারতে পাচার করে পাচারকারী চক্র। সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার পর পাচারকারী চক্রের হাত থেকে ভারতীয় পুলিশ এদের উদ্ধার করে বহরমপুর আনন্দ আশ্রম সেফহোমে পাঠায়। সেখানে এক বছর ছিল এ চার কিশোর। বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন ও কলকাতার সিনি’র যৌথ উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল আলম, দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই মাহবুব, বিএসএফের গেদে ক্যাম্পের এসআই আর কে বোরাহ, গেদে ইমিগ্রেশনের ইনচার্জ সঞ্জয় গুহ, আহছানিয়া মিশনের কর্মকর্তা রফিকুল ইসলাম ও ভারতের সিনি’র কর্মকর্তা সুনীন্দ্র দাস।
আহছানিয়া মিশনের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে এদের আহছানিয়া মিশনের যশোর শেল্টার হোমে নেওয়া হবে। এরপর সেখান থেকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হবে।
জেআই





