রাজধানীর খিলগাঁও থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
মধ্য নন্দীপাড়ার একটি বাসায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৩ এর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকৃতরা হলেন- মো. রাজন (২৮), মো. সোহেল (৩১), মির্জা মো. খালিদ (৩৯) ও মো. সাদ্দাম হোসেন (৩০)।
র্যাবের দাবি, আটকদের মধ্যে রাজন একজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। বাকি তিনজন তার সহযোগী।
আটকদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি কাঠের হাতল লাগানো দুই রাউন্ড গুলি ভর্তি রিভলবার, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
এছাড়াও তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি চাকু ও ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেশ কিছু মালামাল জব্ধ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনতলার জানালা দিয়ে রশির মাধ্যমে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কোনো র্যাব সদস্য আহত হননি। এ সময় সাদ্দাম ও মির্জা খালিদকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাশের ছোট টিনের ঘরে তল্লাশি চালিয়ে পিস্তল, রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ রাজন ও সোহেলকে আটক করা হয়।
এ ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজুর রহমান জানান, রাজন কিছু দিন আগে র্যাবের হাতে ইয়াবাসহ আটক হওয়ার পর তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে রাজন শীর্ষ সন্ত্রাসী কিনা কিংবা তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা তা জানেন না বলে জানান ওসি।
তিনি আরও জানান, বাকি তিনজনের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা যাচাই করে দেখতে হবে।
তবে অস্ত্রসহ আটকের পর মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
জেআই





