দেশের আটটি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ৭ আগস্ট সংশ্লিষ্ট পৌরসভাগুলোর ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীরর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা ও পাবনা বেড়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে ৭ আগস্ট।
এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১২ জুলাই, বাছাই ১৪ জুলাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২ আগস্ট।
ইসি ঘোষিতে তফসিল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সংস্থাটির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান।
এদিকে, ইসির সহাকারী সচিব রাজীব আহসান বাংলানিউজকে জানান, কিশোরগঞ্জের কুলিয়ার চর ও শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মেয়র পদে আগামী চার আগস্ট উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর দেশের নবম পৌরসভা নির্বাচন সম্পন্ন করে নির্বাচন কমিশন। তবে বেশ কিছু পৌরসভার মেয়াদোত্তীর্ণ না হওয়ায় সে সময় ভোটগ্রহণ করতে পারেনি ইসি। এরপর দু’দফায় আরও প্রায় ২০টির মতো পৌরসভা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বর ২২৭টি, ২০১৬ সালের ২১ মার্চ ১০টিতে এবং ২৫ মে ৯টি পৌরসভায় ভোটগ্রহণ করে ইসি।
এআইএস





